দেশের ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার অধীন ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য ৪১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৬ টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম নয় মাসের পরিচালন ব্যয় মেটাতে এ অর্থ চাওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখা থেকে গত ১২ অক্টোবর অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্যসেবা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্র সংশ্লিষ্ট সিভিল সার্জনদের মাধ্যমে গ্রহণ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠি অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য পরিচালন ব্যয় নির্বাহে এ অর্থ প্রয়োজন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ওষুধ, চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক ব্যয়।
বরাদ্দের অর্থ ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
এ ছাড়া বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট সিভিল সার্জনদের অনুকূলে অথরাইজেশনের মাধ্যমে ন্যস্ত করার পরিকল্পনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগের সচিবের প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!