দেশের প্রতি নাগরিকদের মমত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সবাইকে মিলেই দেশ গড়ে তুলতে হবে। দেশকে ভালোবেসে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘হেমাটোকন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের চেয়ে ভালো দেশ, এত সহযোগী শক্তি আর কোথাও নেই। দেশটাকে ভালোবেসে আমাদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে।
নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য লড়াই করেছেন। তখন মুক্তিযুদ্ধ ছিল তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। আর এখন তাঁর চ্যালেঞ্জ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য কিছু করা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সময়কার পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিই, তখন এটি ছিল পুরোপুরি দুর্নীতিগ্রস্ত।’ তিনি অভিযোগ করেন, ১১ কোটি টাকার একটি রেডিওথেরাপি মেশিনের আমদানি খরচ দেখানো হয়েছিল ১৮ কোটি টাকা। এমন পরিস্থিতি সর্বত্র ছিল বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ-বিদেশের চিকিৎসক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!