শিক্ষা

বগুড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:২৬ এএম
বগুড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বগুড়াকে দেশের অন্যতম শিক্ষানগরী ও শিক্ষা হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ অঞ্চলে আধুনিক ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বগুড়াকে শিক্ষাক্ষেত্রে একটি মডেল জেলায় রূপান্তর করা হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়ে ড. মিলন বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও প্রণোদনা বৃদ্ধিতে সরকার কাজ করছে। উৎসব ভাতা শতভাগ করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি প্রণোদনা ও সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যেখানে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় প্রাক-পাইলটিং পর্যায়ে ৩ হাজার ১৪৭ জন কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!