শিক্ষা

মাদরাসা শিক্ষায় সংস্কার ও ঐক্যের আহ্বান, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট: এপ্রি ১৬, ২০২৬ : ০৮:০০ এএম ১৮
মাদরাসা শিক্ষায় সংস্কার ও ঐক্যের আহ্বান, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

প্রাইভেট মাদরাসা খাতের উন্নয়ন, ঐক্য ও সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর উদ্যোগে “শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান” শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কাউন্সিল ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান। তিনি বলেন, কওমি মাদরাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি মানবিক সহায়তা কাঠামো হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে যথাযথ অবদান থাকা সত্ত্বেও এ খাত এখনো প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত। তিনি আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে মাদরাসা শিক্ষাকে বিশ্বমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী বলেন, কওমি মাদরাসা সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের প্রয়োজনে ঐতিহ্য বজায় রেখে আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রেজাউল করীম আবরার, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম এবং মহাপরিচালক মোহাম্মদ রাজ। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, শিক্ষাবিদ ও মাদরাসা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
কাউন্সিলে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আব্দুল হামিদ গওহারী এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ তানবীরুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী ও মুফতি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক হিসেবে মুফতি ইব্রাহিম খলিল কাওসারী এবং অর্থ সম্পাদক হিসেবে আবির মুহাম্মদ রওশন নির্বাচিত হন।
সভায় বক্তারা প্রাইভেট মাদরাসাগুলোর জন্য সমন্বিত (কম্বাইন্ড) সিলেবাস চালু, শিক্ষা-দীক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাদরাসা পরিচালনায় সুশাসন নিশ্চিত, শিক্ষক নিয়োগে নীতিমালা প্রণয়ন এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে ইসলাম, দেশ ও জাতির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!