প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এমনভাবে গড়ে তোলা হবে, যাতে অন্য দেশগুলো তা অনুসরণ করে। বাংলাদেশকে যেন আর কাউকে অনুকরণ করতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় ‘লার্নিং উইথ প্লে’ পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে চার থেকে ১০ বছর বয়সী শিশুরা খেলাধুলা, গল্প বলা ও শোনার মাধ্যমে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারবে। এতে শিশুদের স্কুলমুখী করার লক্ষ্য অর্জন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে একটি সুসংহত ভিশনের আওতায় আনা হয়েছে, যেখানে প্রতিটি স্তরে ক্যারিয়ার ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। “আমরা চাই, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়; বরং শিক্ষার মধ্য দিয়েই তাদের কর্মসংস্থানের পথ তৈরি হোক,” বলেন তিনি।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্কুলে আগ্রহী করে তুলতে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার, বিনা মূল্যে ইউনিফর্ম, বছরে একবার জুতা ও স্কুলব্যাগ প্রদান।
প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!