শিক্ষা

শিক্ষকদের মানসম্মত করাই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৫:৫২ এএম ১১
শিক্ষকদের মানসম্মত করাই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষা খাতে প্রশাসনিক কাঠামো বড় করার চেয়ে শিক্ষকদের মানোন্নয়ন এবং পাঠ্যক্রম উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা মাথাভারী কোনো প্রশাসন বাড়াতে চাই না। জাতিকে শিক্ষিত করার জন্য শিক্ষাব্যবস্থাকে কীভাবে আরও কার্যকর করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। প্রশাসন নিয়ে আমাদের চিন্তা কম, আমাদের চিন্তা হচ্ছে শিক্ষকদের কীভাবে মানসম্মত করা যায় এবং কারিকুলামকে কীভাবে আরও উন্নত করা যায়।”

শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ মামলা–সংক্রান্ত জটিলতার কারণে আটকে আছে। এই অচলাবস্থা দূর করতে হবে।

মন্ত্রী আরও বলেন, “গত সরকার তড়িঘড়ি করে ১৪ হাজার ৩০০ শিক্ষক নিয়োগ দিয়েছিল। আমরা সেটিকে শৃঙ্খলার মধ্যে আনছি। এরপর আবার ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে হবে।”

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে পাবলিক শিক্ষা ব্যবস্থায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। পাশাপাশি সরকারি উচ্চবিদ্যালয়গুলোতে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব নিয়োগ দ্রুত সম্পন্ন করার জন্য সরকার কাজ করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!