শিক্ষা

শিক্ষাখাতে সমস্যার বাস্তব সমাধানভিত্তিক গবেষণা জরুরি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৪:৩৩ এএম ১১
শিক্ষাখাতে সমস্যার বাস্তব সমাধানভিত্তিক গবেষণা জরুরি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং সমস্যার বাস্তব সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ তাঁর রচিত শিক্ষা সংস্কার বিষয়ক গবেষণাগ্রন্থ “বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা : দ্য লার্নিং নেশন”-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা খাতে মৌলিক গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ এখনও সীমিত, যা দ্রুত বাড়ানো প্রয়োজন। শিক্ষা খাতের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, “শিক্ষা আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতোই শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও মানবিক করতে হবে।”

দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিষয়ক গবেষণার সঙ্গে যুক্ত এবং দেশ-বিদেশের শিক্ষা কাঠামো নিয়ে কাজ করেছেন। বর্তমানে আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষাখাতে বাস্তবভিত্তিক সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম চলছে।

প্রতিমন্ত্রী জানান, অনেক বিদ্যালয়ে এখনো পর্যাপ্ত শৌচাগার নেই, কোথাও জমি সংকট রয়েছে—এসব সমস্যা সমাধানে সরকার সময়সাপেক্ষ হলেও পরিকল্পিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো সমাধানের আগে সঠিক ‘ডায়াগনোসিস’ প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী ন্যূনতম দক্ষতা অর্জন ছাড়াই পরবর্তী ধাপে উত্তীর্ণ হচ্ছে, যা দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ তৈরিতে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ।

আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!