শিক্ষা

বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষা হাবে গড়ে তোলার সক্ষমতা রয়েছে: শিক্ষামন্ত্রী

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:১৪ এএম ১৩
বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষা হাবে গড়ে তোলার সক্ষমতা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা দেশের রয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, মেধা রয়েছে, প্রোগ্রাম রয়েছে এবং ইচ্ছাশক্তিও রয়েছে। এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগে কাজ করা।”

তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজকে বাংলাদেশে আকৃষ্ট করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ একসময় বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য ছিল। ভবিষ্যতেও সেই অবস্থানে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অবদান রাখার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় তিনি বলেন, টেকসই শিক্ষানীতি প্রণয়নে অংশীজনদের মতামত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান ও ট্রাস্টভিত্তিক পরিচালনা নিয়েও সরকার পর্যালোচনা করছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর সভাপতি মো. সবুর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাঈদ আল নোমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, নর্থ সাউথ ইউনিভার্সিটি-র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক শামস রহমান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!