দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নতুন সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে উন্নত মানের জুতা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও মানসম্মত সহায়তা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য জুতার মান, নকশা ও উৎপাদন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচিতে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, “আমরা চাই না এটি শুধু একটি বিতরণ কর্মসূচি হোক। এটি শিশুদের জন্য একটি সমন্বিত ও মর্যাদাপূর্ণ সহায়তা হিসেবে গড়ে উঠুক।”
এ জন্য একটি টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে মন্ত্রণালয়, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইন্সটিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও থাকবেন। কমিটি জুতার ডিজাইন, মান যাচাই ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার বিষয়গুলো দেখভাল করবে বলে জানানো হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!