শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কারিকুলাম প্রণয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায় ব্যাপক সংস্কার চলছে বলেও তিনি জানান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আইআইইউএম অ্যালামনাই, বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা মডেল অনুসরণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, “দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো এই তরুণরা। তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করাই মূল লক্ষ্য।” ড. মিলন আরও জানান, শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশের অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও আর দেশে ফিরে আসছে না। এ অবস্থায় “ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন” নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশিদের দেশের শিক্ষা খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, শামীম কায়সার লিংকন এমপি এবং ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি।
প্রফেসর ড. কাজী শাহাদাত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. ফয়জুল হক, ড. শামীম হামিদী এবং এস. এম. মোস্তফা আল মামুন।
অনুষ্ঠানে আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ড. মুহাম্মদ আবদুল আজিজ সভাপতি এবং ড. এম. তুহিন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ড. আ ন ম এহছানুল হক মিলন এমপিসহ সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!