বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি কার্যক্রমের ৫৭ জন শিক্ষার্থীকে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত এই শিক্ষার্থীরা গাইডিংয়ের প্রাথমিক পর্যায়ে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়েছে।
বুধবার (২০ মে) রাজধানীর গাইড অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সংগঠনটির তথ্য অনুযায়ী, সারা দেশের ১০টি অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে ৬টি অঞ্চল থেকে মোট ৫৭ জন হলদে পাখি এই সম্মাননা অর্জন করে। হলদে পাখি গার্ল গাইডিংয়ের প্রথম ধাপ, যেখানে সাধারণত ৬ থেকে ১০ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শিক্ষার্থীদের হাতে মেডেল, ক্রেস্ট ও সনদ তুলে দেন।
পুরস্কার গ্রহণ শেষে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে। নরসিংদীর শিলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার বলেন, “এই অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আরও ভালো কাজ করতে চাই।”
যশোরের মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তোহফায়ে জান্নাত তিফলা বলেন, “এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। গাইডিংয়ের কাজ আরও মনোযোগ দিয়ে করব।”
স্কয়ার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী সামিহা আফসিন জারা বলেন, “পুরস্কার পেয়ে আমি খুব খুশি। সামনে আরও ভালো কিছু করার উৎসাহ পেলাম।”
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!