শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হাবিবুল্লাহ বাহার কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজন করে ১৫ দিনব্যাপী ‘CSE BattleFest 2.0-Inter Department Edition’।
বর্ণিল এ আয়োজনে ছিল ফুটবল, বিতর্ক, ই-ফুটবল, লুডু, উনো ও দাবা প্রতিযোগিতা। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, যা আয়োজন ও পরিচালনা করে হাবিবুল্লাহ বাহার কলেজ কম্পিউটার ক্লাব। দর্শকদের জন্য রাখা হয় ‘মাইন্ডস্টর্ম’ ও ‘অ্যাক্ট লাইক’ নামের বিশেষ বিনোদনমূলক পর্ব। সেরা পারফরমারদের দেওয়া হয় আকর্ষণীয় উপহার সামগ্রী।
পুরো আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বিতর্ক ও প্রোগ্রামিং প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘দ্য র্যাশনালিস্ট’ দল। দলের সদস্যরা হলেন আহমেদ আলম, রাইমা সানিয়াত ও সুমাইয়া আক্তার। রানারআপ হয় ‘দ্য থিংক ট্যাংক’ দল। সদস্যরা হলেন সাহারা ইসলাম, জুবায়ের আল মাহবুব ও মো. নাঈমুর রহমান।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হন তাসিন রহমান অনিক ।
উনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রিয়া রানী দেবী এবং রানারআপ হন আইভি রহমান স্নেহা। লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘লুডু লুটারস’ দল। সদস্যরা হলেন তাসনুবা ফারিন ও মো. নাঈমুর রহমান। রানারআপ হয় ‘ডাইস ডিভাস’ দল, যার সদস্য আনিকা আঞ্জুম মিম ও সাহারা ইসলাম।
ই-ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মো. নয়ন হোসাইন এবং রানারআপ হন মো. নাঈমুর রহমান। দাবা প্রতিযোগিতায় বিজয়ী হন রিয়াজুল ইসলাম এবং রানারআপ হন তাসিন রহমান অনিক ।
ফুটবল পর্বে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মেহেদী ইসলাম এবং ‘সেরা গোলরক্ষক’ নির্বাচিত হন মো. নাঈমুর রহমান।
এ ছাড়া দর্শকদের জন্য আয়োজিত বিশেষ পর্বে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হন মুবাসসির আহমেদ ও আইভি।
আয়োজন সম্পর্কে সংগঠক দলের সদস্য ফাহিমা তাজরি বলেন, “আমরা এই আয়োজন করেছি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য। এর মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার চেষ্টা করেছি, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করা সম্ভব হয়। ব্র্যাক, নর্থ সাউথ কিংবা বুয়েট যদি পারে, তাহলে আমরাও পারব—সঠিক প্রশিক্ষণ ও মেধা বিকাশের মাধ্যমে।”
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ফাহমিদা তাসনিম বলেন, “এটাই ছিল আমার জীবনের প্রথম বিতর্ক প্রতিযোগিতা। এর জন্য আমি প্রশিক্ষণও পেয়েছি। এত সুন্দর ও কার্যকর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ। এটি আমার উপস্থাপনা দক্ষতা বাড়াতে সহায়তা করবে।”
শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক মনোভাব ও দক্ষতা বিকাশের মাধ্যমে ‘CSE BattleFest 2.0’ হয়ে উঠেছে হাবিবুল্লাহ বাহার কলেজের অন্যতম সফল ও প্রাণবন্ত আয়োজন।
No comments yet. Be the first to comment!