শিক্ষা

আগস্টের মধ্যেই শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ শুরু করতে চায় সরকার

আপডেট: জুন ০৫, ২০২৬ : ০৫:৫৬ এএম
আগস্টের মধ্যেই শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ শুরু করতে চায় সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ইউনিফর্ম ও জুতা বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগস্টের মধ্যেই এ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখাতে চায় সরকার।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে ড্রেস ও জুতা সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে পাইলট প্রকল্পের মাধ্যমে এ উদ্যোগের কার্যকারিতা যাচাই করা হবে।

তিনি বলেন, সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই কর্মসূচির বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে। সে অনুযায়ী আগস্ট মাসের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার।

ববি হাজ্জাজ জানান, দেশের তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে এ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য চার লাখের বেশি ইউনিফর্ম পাওয়া যাচ্ছে। একইভাবে দেশের জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।

সভায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ফিতাবিহীন ভেলক্রোযুক্ত কেডস সরবরাহের বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের বয়স, জুতার উপযুক্ত মাপ, ছেলে ও মেয়েদের চাহিদা এবং সরবরাহের সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের জুতা সরবরাহ নিশ্চিত করতে সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!