শিক্ষা

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৬:০৫ এএম
এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) আগামী ১৫ জুন থেকে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কেন্দ্রভিত্তিকভাবে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। রোববার (৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।

প্রবেশপত্র গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে তা সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে বোর্ড।

বোর্ড আরও জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। পরে তিনি কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করবেন।

এদিকে, প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগও রাখা হয়েছে। ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে সংশোধন করাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!