শিক্ষা

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৬:৩৯ এএম
প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (৯ জুন) ঢাকার মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গান, নৃত্য, আবৃত্তি ও গল্প বলার মতো ক্ষেত্রে অসাধারণ সুপ্ত প্রতিভা রয়েছে। এসব প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর উদ্যোগ নেবে।

তিনি জানান, আগামী বছর থেকে এসব প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজনের পাশাপাশি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। এতে দেশের মানুষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা উপভোগ করতে পারবে।

ববি হাজ্জাজ বলেন, “আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চমৎকার পরিবেশনা উপস্থাপন করছে। তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শুধু প্রতিযোগিতা নয়, পুরস্কারের পরিধিও বাড়ানো হবে। পাশাপাশি কোনো শিক্ষার্থী জাতীয় বা বিভাগীয় পর্যায়ে পুরস্কার অর্জন করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ও বিশেষ আর্থিক অনুদান পাবে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ের শিক্ষা প্রশাসনকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজন ও প্রচারের উদ্যোগ নিতে হবে। এসব আয়োজনে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!