দেশের ৪ হাজার ৪৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য প্রায় ৬৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাত থেকে মোট ৬৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি ডিপিইর অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (আয়ন-ব্যয়ন কর্মকর্তা) নিয়ন্ত্রণে থাকবে। তারা নির্ধারিত নিয়মে অর্থ উত্তোলন ও ব্যয় করতে পারবেন।
এতে আরও বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) দায়ী থাকবেন।
নির্দেশনায় আরও বলা হয়, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভ্যাট পরিশোধের প্রমাণ সংরক্ষণসহ সব বিল ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
এছাড়া কোনো অর্থ অব্যয়িত থাকলে তা ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্কার কাজের মান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এলজিইডির উপজেলা প্রকৌশলীদের এ কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!