শিক্ষা

জবির ২০২৬–২৭ অর্থবছরের ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৫:১০ এএম
জবির ২০২৬–২৭ অর্থবছরের ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এর ২০২৬–২৭ অর্থবছরের ৩৩০ কোটি টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫–২৬ অর্থবছরের ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। বাজেটের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের ৩৩০ কোটি টাকার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন–এর বরাদ্দ রয়েছে ১৫৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকা এবং ঘাটতি দেখানো হয়েছে ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা।

বাজেটে গবেষণা খাতে ৮ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৩০ লাখ টাকা, যন্ত্রপাতি ক্রয়ে প্রায় ৫ কোটি ৯৭ লাখ টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ২ কোটি ৩০ লাখ টাকা এবং যানবাহন খাতে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া বেতন-ভাতার জন্য ১২৯ কোটি ৮০ লাখ ৬৬ হাজার টাকা এবং পণ্য ও সেবা খাতে ১০৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি বাবদ ৬০ কোটি টাকা এবং অস্থায়ী আবাসিক হল নির্মাণে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সভায় জানানো হয়, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে গবেষণা অনুদান ও যানবাহন খাতসহ কয়েকটি ক্ষেত্রে ইউজিসির বরাদ্দ এখনো স্থগিত রয়েছে। এসব বরাদ্দ সংশোধিত বাজেটে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও উন্নয়নকাজের জন্য ২০২৬–২৭ অর্থবছরে ২০১ কোটি ২১ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা।

সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং বিশেষ বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে বাজেটের ঘাটতি পূরণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে সুপারিশ করা হয়। শেষে উপাচার্য বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!