শিক্ষা

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ০৬, ২০২৬ : ০৬:৪৭ এএম
বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে শ্রেণিকক্ষে পাঠদান আরও ফলপ্রসূ হয়।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ববি হাজ্জাজ বলেন, শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদ্যমান শিক্ষা কাঠামোকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে নতুন পাঠ্যক্রম প্রণয়নের উদ্যোগ রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে, যাতে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হয়।

প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিকে সমান গুরুত্ব দিচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!