শিক্ষা

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৫:১৯ এএম
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে জনমিতিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগাতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত ‘নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এর বিপুল তরুণ জনগোষ্ঠী। এই জনসংখ্যাকে সঠিকভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। সে লক্ষ্যেই সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর ভর্তি প্রক্রিয়ার জটিলতায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় নষ্ট হয়, যা দেশের জন্য বড় ক্ষতির কারণ। এই সময়ের অপচয় কমিয়ে আনতে সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেশনজট নিরসনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের কোনো বিশ্ববিদ্যালয়েই যেন সেশনজট না থাকে, তা সংশ্লিষ্ট প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে নতুন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে।

অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ঘোষিত ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!