শিক্ষা

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:২৪ এএম ২৫
বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শনিবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোকে নিবন্ধিত পরীক্ষার্থীদের তালিকা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও কেন্দ্র কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!