শিক্ষা

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শুরু ৬ আগস্ট

আপডেট: আগ ০২, ২০২৬ : ০৬:০১ এএম
কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শুরু ৬ আগস্ট

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৬ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রোববার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের সব জেলায় নতুন সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষা গ্রহণের কার্যক্রম শেষ করতে হবে। প্রয়োজনে সরকারি ছুটির দিনেও ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে।

এতে আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শেষে আগামী ১৪ থেকে ১৮ আগস্টের মধ্যে কেন্দ্র ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, পরিস্থিতি ও বিশেষ প্রয়োজন বিবেচনায় প্রয়োজনে এ সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!