শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

আপডেট: আগ ১০, ২০২৬ : ০৫:৩৯ এএম
শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন ও দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এ ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের শিক্ষা সংস্কারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন ড. মিলন। শিক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার উন্নয়নে সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে দেশের শিক্ষার উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আইরিন খান বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা অনেক। দেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে এ খাতে সফলতার সঙ্গে কাজ করছেন। শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে বাংলাদেশের তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!