শিক্ষা

‘মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী

আপডেট: আগ ১০, ২০২৬ : ০৫:৪৭ এএম
‘মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী

‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না’—এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষকদের খাতা মূল্যায়নে কঠোরতার কারণে এবারের ফলাফল নিয়ে কোনো বিশেষ বার্তা ছিল কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’

এ সময় তিনি এবারের ফলাফলকে ‘সুন্দর ফলাফল’ বলে উল্লেখ করেন। এক সাংবাদিক ফলাফলকে খারাপ বললে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’

পুনর্নিরীক্ষণের খাতা পুরোপুরি দেখা হবে

পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, অনেক সময় ভালো করার প্রত্যাশা থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারে না। এ ক্ষেত্রে পুনর্নিরীক্ষণের সুযোগ রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাঁদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে।’

তিনি আরও বলেন, খাতা মূল্যায়নে কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবার পাসের হার ৬২.২৫ শতাংশ

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে সময় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!