ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর এ বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন।
গত বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৮৩ শতাংশ।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।
ছাত্রীদের পাসের হার বেশি
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫৩ হাজার ৮৭৭ জন ছাত্র পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ৫১ হাজার ১৫১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬২ দশমিক ৩৭ শতাংশ।
অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি।
জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন।
কয়েক বছরে কমেছে পাসের হার
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে তা ছিল ৮৫ শতাংশ। ২০২৫ সালে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়ায় ৫৮ দশমিক ২২ শতাংশে। এবার আরও কমে হয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি
বিভাগভিত্তিক ফলাফলে এবার সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে। এ বিভাগে পাসের হার ৭১ দশমিক ৮৯ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ।
চার জেলার মধ্যে এগিয়ে নেত্রকোনা
ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা। এ জেলায় পাসের হার ৬০ দশমিক ৪১ শতাংশ।
এ ছাড়া ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪৪ শতাংশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!