শিক্ষা

প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে ৩০০, সাধারণে ২২৫ টাকা

আপডেট: সেপ্টে ০১, ২০২৬ : ০৫:৫০ এএম ৪৯ ০
প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে ৩০০, সাধারণে ২২৫ টাকা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবেন। উভয় শ্রেণির শিক্ষার্থীদের বছরে একবার অতিরিক্ত ২২৫ টাকা দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর এ বৃত্তির হার কার্যকর থাকবে।

বৃত্তির অর্থ কত

প্রজ্ঞাপন অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন অর্থও ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃত্তির অর্থ পেতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি তাদের আচরণ ভালো এবং পড়াশোনার অগ্রগতি সন্তোষজনক হতে হবে।

বিনা বেতনে পড়ার সুযোগ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি অথবা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে।

বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। সরকারিভাবে ব্যক্তি বা জি-টু-পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)–এর মাধ্যমে অর্থ দেওয়া হবে।

এ জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইন ব্যাংকিং সুবিধাসম্পন্ন কোনো তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হবে।

অর্থ উত্তোলনের সময়সীমা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃত্তির জন্য বরাদ্দ অর্থের বিল সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন, অর্থাৎ প্রতি বছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মেধাবৃত্তি খাত থেকে প্রাথমিক বৃত্তির অর্থ দেওয়া হবে।

ফলাফলে ভুল থাকলে সংশোধনের সুযোগ

প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ধরনের ভুল পাওয়া গেলে তা সংশোধন, বাতিল বা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নির্ধারিত নতুন হারে তিন বছর বৃত্তির সুবিধা পাবে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!