খেলাধুলা

আগামী বছরেই বগুড়ায় ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট

আপডেট: এপ্রি ১৪, ২০২৬ : ০৭:১৭ এএম
আগামী বছরেই বগুড়ায় ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট

দীর্ঘদিন পর বগুড়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বর্তমান অ্যাডহক কমিটি এ পরিকল্পনা হাতে নিয়েছে।

গত এক দশক ধরে দেশের অধিকাংশ আন্তর্জাতিক ম্যাচ সীমাবদ্ধ ছিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে। এবার সেই চিত্র বদলে বগুড়া, খুলনা ও ফতুল্লার স্টেডিয়ামগুলোতেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম-এ সর্বশেষ পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৬ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে। এরপর কেবল নারী দলের একটি ম্যাচ ছাড়া সেখানে আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি।

একইভাবে খুলনার স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি, আর ফতুল্লায় শেষ ম্যাচটি হয়েছিল ২০১৪ সালে, যেখানে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিল।

সম্প্রতি শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

পরিদর্শন শেষে রফিকুল ইসলাম বাবু জানান, মাঠ সংস্কার করে আগামী বছরেই বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা রয়েছে। জুন-জুলাইয়ের মধ্যেই খেলা আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ফ্লাডলাইট স্থাপন, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি সংস্কারসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে। এসব কাজ শেষ হলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তোলা সম্ভব হবে।

বগুড়ার পর খুলনার ভেন্যু নিয়েও একই ধরনের পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!