আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, হারিয়ে যেতে বসা লোকজ খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ।
মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালির লোকজ ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে সরকার কাজ করছে। মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আগামী বছর থেকে প্রতিটি জেলায় এ ধরনের উৎসব আয়োজন করা হবে।
নারী ক্রীড়াবিদদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে শিগগিরই নতুন উদ্যোগ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে মো. আমিনুল হক বলেন, খেলাধুলা ও উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ জাগ্রত করা সম্ভব। একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবে কাবাডি, লাঠিখেলা, কুস্তি, ভলিবল, হ্যান্ডবল, সেপাক টাকরোসহ বিভিন্ন গ্রামীণ ও আধুনিক খেলায় অংশ নেন প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ। পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!