স্পেনের একটি ফুটবল ক্লাবের মালিক হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব কর্নেয়া ক্লাব কিনেছেন তিনি।
এটি ইউরোপে কোনো ক্লাবের মালিক হিসেবে মেসির প্রথম অভিজ্ঞতা। এর আগে উরুগুয়ের পেশাদার ক্লাব দেপোর্তিভো এলএসএমে তাঁর বিনিয়োগ ছিল।
কর্নেয়া ক্লাব এক বিবৃতিতে জানায়, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির মালিকানা গ্রহণের মধ্য দিয়ে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। এতে বার্সেলোনার সঙ্গে মেসির দীর্ঘ সম্পর্ক এবং কাতালোনিয়ায় ফুটবল উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার আরও দৃঢ় হবে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন জোরদার করা, তরুণ প্রতিভা বিকাশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দলকে এগিয়ে নেওয়া।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেয়া ক্লাব একসময় স্পেনের তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’-তে খেলেছে। ২০২১ সালে কোপা দেল রে প্রতিযোগিতায় তারা শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চমক দেখায়। প্রায় দেড় হাজার দর্শক ধারণক্ষমতার ছোট স্টেডিয়াম হলেও এই ক্লাব থেকেই উঠে এসেছেন জোর্ডি আলবা, গেরার্ড মার্টিন ও ডেভিড রায়ার মতো ফুটবলাররা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!