সাম্প্রতিক ফর্ম ভালো না থাকলেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু ফাইনালে এসে সেই স্বপ্ন ভেঙে দিল রিয়াল সোসিয়েদাদ। দারুণ লড়াই শেষে কোপা দেল রে জিতে নিল সান সেবাস্তিয়ানের দল।
শনিবার সেভিয়েতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুটআউটে জয় নিশ্চিত করে সোসিয়েদাদ। এই জয়ে তারা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা ঘরে তুলল।
ম্যাচের শুরুতেই চমক দেখায় সোসিয়েদাদ। কিক-অফের মাত্র ১৪ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আন্দের বারেনেটজিয়া—যা এই প্রতিযোগিতার ফাইনালের ইতিহাসে দ্রুততম গোল।
১৮তম মিনিটে সমতা ফেরায় অ্যাতলেটিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে মিকেল ওয়ারাজাবালের পেনাল্টিতে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে জুলিয়ান আলভারেজ গোল করে সমতা ফেরালে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
শেষ পর্যন্ত পেনাল্টিতে ভাগ্য নির্ধারণ হয়। সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো অ্যাতলেটিকোর আলেক্সান্দার সরলথ ও আলভারেজের শট ঠেকিয়ে দেন। পরে পাবলো মারিনের জয়সূচক শটে উল্লাসে ফেটে পড়ে সোসিয়েদাদ শিবির।
এই জয়ে ২০২০ সালের পর আবারও কোপা দেল রে জিতল সোসিয়েদাদ। অন্যদিকে ২০১৩ সালের পর শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাতলেটিকোর।
ক্লাবটির কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জোর জন্যও এটি বিশেষ অর্জন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই কোচ ইউরোপের শীর্ষ লিগগুলোর কোনো একটিতে বড় শিরোপা জেতা প্রথম মার্কিন কোচ হিসেবে ইতিহাস গড়লেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!