পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
শানাকার বিরুদ্ধে অভিযোগ, চলতি মৌসুমে পিএসএলের চুক্তি ভঙ্গ করেছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে নিলামে লাহোর কালান্দার্স-এর সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হন এই অলরাউন্ডার। তবে পরে স্যাম কারান-এর চোটজনিত বদলি হিসেবে রাজস্থান রয়্যালস-এ যোগ দেন শানাকা।
শেষ মুহূর্তে এভাবে পিএসএল থেকে সরে দাঁড়ানোকে চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে পিসিবি। তাদের মতে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরও লিগ থেকে নাম প্রত্যাহার করায় দলের পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং লিগের কাঠামো দুর্বল হয়েছে।
পিসিবির প্রকাশিত এক বিবৃতিতে শানাকা নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পিএসএল থেকে সরে দাঁড়ানোর জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের মানুষ, পিএসএল ভক্ত ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
তিনি আরও বলেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমার কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি উপলব্ধি করছি। লাহোর কালান্দার্সের সমর্থকদের হতাশ করার জন্য আমি দুঃখিত।’
এর আগে একই ধরনের ঘটনায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করে পিসিবি। যদিও চলতি মৌসুমের নিলামে দল না পেলেও শামার জোসেফ-এর বদলি হিসেবে ইসলামাবাদ ইউনাইটেড-এর সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। পরে আবার মুস্তাফিজুর রহমান-এর স্থলাভিষিক্ত হয়ে কলকাতা নাইট রাইডার্স-এ যোগ দেন মুজারাবানি। তবে তার এজেন্ট এই শাস্তিকে ‘মাত্রাতিরিক্ত’ বলেই মন্তব্য করেছেন।
No comments yet. Be the first to comment!