ইংলিশ ক্লাব লিভারপুল-এর হয়ে দীর্ঘ ৯ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটাতে চলেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষেই তার বিদায় নিশ্চিত হওয়ার কথা থাকলেও ধারণা করা হচ্ছে, গতকাল (শনিবার) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচই হতে পারে অলরেডদের জার্সিতে তার শেষ ম্যাচ।
প্রিমিয়ার লিগের ওই ম্যাচে ৩-১ গোলের জয় নিশ্চিত হওয়ার আগেই ৫৯ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সালাহ। মাঠ ছাড়ার সময় তিনি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানান, যার জবাবে সমর্থকরাও দাঁড়িয়ে অভিবাদন জানান এই তারকাকে।
ম্যাচ শেষে লিভারপুলের কোচ আর্নে স্লট জানান, সালাহর চোটের মাত্রা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তিনি বলেন, চোট থেকে সেরে উঠতে কত সময় লাগবে তা নির্ধারণ করা যায়নি এবং তার খেলা আবার সম্ভব হবে কি না, সেটিও সময় বলে দেবে।
তবে মিশর জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সালাহ হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এবং সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। সে হিসেবে মৌসুম শেষের আগে তার আর মাঠে ফেরা অনিশ্চিত।
লিভারপুল কোচ আরও জানান, সালাহ সবসময় নিজের ফিটনেসের ব্যাপারে যত্নশীল, তাই পুনরুদ্ধারের সময়ও তিনি যথাযথভাবেই নেবেন। তবে বিদায় ইঙ্গিত মিলেছে কোচের কথায়ও, কারণ মৌসুম শেষ হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ।
চলতি মৌসুম সালাহর জন্য তুলনামূলকভাবে কম সফল ছিল। কোচের সঙ্গে মতবিরোধ এবং দলে অনিয়মিত সুযোগ পাওয়ার কারণে তিনি প্রিমিয়ার লিগে মাত্র সাতটি গোল করেছেন, যা ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর তার সর্বনিম্ন।
২০১৭ সালে লিভারপুল-এ যোগ দেওয়ার পর এখন পর্যন্ত তিনি ৪৩৫ ম্যাচে ২৫৭ গোল করেছেন। ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে, তার সামনে আছেন ইয়ান রাশ ও রজার হান্ট।
তবে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে তার ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। চিকিৎসা রিপোর্ট ও পুনরুদ্ধারের ওপর নির্ভর করছে তিনি মৌসুমের বাকি ম্যাচগুলোতে আবার মাঠে ফিরতে পারবেন কি না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!