নাটকীয় ম্যাচে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নশিপ লিগের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা।
ম্যাচের শুরুটা ছিল ধীরগতির ও সমানতালে লড়াইয়ের। তবে দ্বিতীয়ার্ধে শেষ দিকে ম্যাচে আসে উত্তেজনা। ৭৯ মিনিটে ফিন আজাজ দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন। এই গোলের পরই যেন ম্যাচে প্রাণ ফিরে পায় সিটি।
মাত্র তিন মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পেপ গার্দিওলার দল। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকুর শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে গেলে সমতা ফেরে সিটি। এরপর ৮৭ মিনিটে নিকো গনজালেসের জোরালো শটে নিশ্চিত হয় জয়।
এর আগে ম্যাচে উভয় দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধে সিটির রেইনডার্সের শট পোস্টে লেগে ফিরে আসে, আর ফিল ফোডেনের ফলোআপ গোললাইন থেকে ক্লিয়ার করা হয়।
দ্বিতীয়ার্ধে কোচ পেপ গার্দিওলা একাধিক পরিবর্তন এনে আক্রমণভাগে গতি বাড়ান। ৬০ মিনিটের দিকে ফোডেন ও কোভাসিচকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ডোকু ও স্যাভিনিওকে। পরবর্তীতে আর্লিং হালান্ডসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নামানো হয়।
সাউদাম্পটনও শুরু থেকে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে এবং কয়েকটি আক্রমণ তৈরি করে। তবে শেষ পর্যন্ত সিটির অভিজ্ঞতা ও আক্রমণাত্মক শক্তির কাছে তারা টিকতে পারেনি।
এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি, যেখানে তারা আগামী মে মাসে চেলসি বা লিডসের বিপক্ষে শিরোপার জন্য লড়বে। একই সঙ্গে ট্রেবল জয়ের লক্ষ্য নিয়েও এগিয়ে যাচ্ছে গার্দিওলার দল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!