শামীম হোসেন পাটোয়ারী ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যান ক্লিভার। তাদের ইনিংসকে ‘উচ্চমানের’ ব্যাটিং বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখে তাড়া করে জয় পায় স্বাগতিকরা। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে লিটন দাসের দল।
বাংলাদেশের জয়ের পথে ২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। অন্যদিকে মাত্র ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই উইকেটরক্ষক ব্যাটার ড্যান ক্লিভার বলেন, বাংলাদেশের শেষ দিকের ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে এবং ম্যাচ নিজেদের দিকে নিয়ে গেছে।
তিনি বলেন, “হৃদয় ও শামীম যেভাবে খেলেছে, তা সত্যিই উচ্চমানের ছিল। ৩৬০ ডিগ্রিতে শট খেলা, বলের গতি কাজে লাগানো—সব মিলিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে তারা।”
ক্লিভার আরও বলেন, ম্যাচের শুরুতে তাদের বোলাররা ভালো করলেও শেষদিকে বাংলাদেশের ব্যাটারদের সামনে তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি।
তিনি বলেন, “আমরা খুব বেশি পিছিয়ে ছিলাম না। কিন্তু শেষদিকে বাংলাদেশের ব্যাটিং থেকে অনেক কিছু শেখার আছে। তারা স্মার্ট ক্রিকেট খেলেছে।”
বাংলাদেশের এই জয় নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ডও গড়েছে। যদিও বিষয়টি তিনি আগে জানতেন না বলে জানান ক্লিভার।
তিনি আরও বলেন, পরের ম্যাচে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!