খেলাধুলা

ক্যারিয়ারের শেষপ্রান্তে আমি: রোনালদো

আপডেট: মে ০১, ২০২৬ : ০৬:৩৯ এএম
ক্যারিয়ারের শেষপ্রান্তে আমি: রোনালদো

ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো স্বীকার করেছেন, তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায় দ্রুতই এগিয়ে আসছে। ৪১ বছর বয়সেও সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন পর্তুগিজ এই তারকা।

সম্প্রতি আল-আহলির বিপক্ষে ২–০ গোলের জয়ে নিজের ক্যারিয়ারের ৯৭০তম গোল পূর্ণ করেন রোনালদো। ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্যারিয়ারের শেষ সময় খুব কাছেই এসে গেছে।

রোনালদো বলেন, “আমি কেবল বর্তমান প্রজন্মের জন্যই খেলি না, বরং আগের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও খেলি। আমি প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ উপভোগ করছি। তবে আমি জানি, ক্যারিয়ারের শেষের খুব কাছাকাছি চলে এসেছি—এটাই বাস্তবতা।”

২০২৩ সালে আল-নাসরে যোগ দেওয়ার পর এখনো সৌদি প্রো লিগের শিরোপা জেতা হয়নি তার। তবে এবার সেই আক্ষেপ ঘুচানোর সম্ভাবনা দেখছেন তিনি। বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আল-নাসর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে।

লিগ শিরোপা নিয়েই মূল লক্ষ্য জানিয়ে রোনালদো বলেন, “আমার ক্যারিয়ার অসাধারণ ছিল, আমি সেটা সেভাবেই শেষ করতে চাই। এখনো আমি খেলাটা উপভোগ করছি, গোল করছি। তবে সবকিছুর ঊর্ধ্বে জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ফুটবল মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—২০২৬ বিশ্বকাপই কি রোনালদোর শেষ আন্তর্জাতিক মঞ্চ হবে? ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা হয়তো বিশ্বকাপকেই বেছে নিতে পারেন বিদায়ী আসর হিসেবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!