শেষ ওভারের নাটকীয়তায় রুদ্ধশ্বাস জয় পেয়েছে হায়দরাবাদ কিংসমেন। ২ রানের ব্যবধানে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে নবাগত এই দল।
লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তোলে হায়দরাবাদ। জবাবে ১৮৪ রানে থেমে যায় ইসলামাবাদের ইনিংস।
ম্যাচের শেষ দুই ওভারে প্রয়োজনীয় ২৮ রান তাড়া করতে গিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ইসলামাবাদ। তবে শেষ ওভারে হায়দরাবাদের তরুণ পেসার হুনাইন শাহর নিয়ন্ত্রিত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
২০তম ওভারে তিনি মাত্র ৩ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ মুহূর্তে ফাহিম আশরাফ লং-অফে ক্যাচ দিয়ে ফেরার পরই ইসলামাবাদের সম্ভাবনা শেষ হয়ে যায়। ব্যাট হাতে হায়দরাবাদের হয়ে উসমান খান ৩০ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক মার্নাস লাবুশেন করেন ৩৯ রান। এছাড়া সাইম আইয়ুব ৩৮ ও কুশল পেরেরা ৩৭ রান যোগ করেন।
লক্ষ্য তাড়ায় ইসলামাবাদের হয়ে মার্ক চাপম্যান করেন ৪৩ রান। হায়দার আলি ৩১ ও ডেভন কনওয়ে ৩০ রান করে লড়াই জমিয়ে তোলেন। তবে শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
বল হাতে ম্যাচের নায়ক হুনাইন শাহ ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট নেন। শেষ ওভারের বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরাও নির্বাচিত হন হুনাইন। এই জয়ে প্রথমবার পিএসএলে অংশ নিয়েই ফাইনালে জায়গা করে নিল হায়দরাবাদ কিংসমেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!