খেলাধুলা

‘ভাগ্যে যা নির্ধারিত আছে, তা আপনি পাবেনই’—শিরোপা জয়ের পর বাবর আজম

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৬:২১ এএম
‘ভাগ্যে যা নির্ধারিত আছে, তা আপনি পাবেনই’—শিরোপা জয়ের পর বাবর আজম

অবশেষে অধিনায়ক হিসেবে প্রথম ট্রফির স্বাদ পেলেন বাবর আজম। রোববার রাতে পিএসএল ফাইনালে পেশোয়ার জালমি ৫ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ কিংসম্যানকে। ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপা জয়ের রাতটি বাবরের জন্য হয়ে উঠেছে স্মরণীয়।

এবারের আসর ছিল বাবরের জন্য দারুণ এক প্রত্যাবর্তনের গল্পও। গত মৌসুমে পেশোয়ার জালমির পারফরম্যান্স ছিল হতাশাজনক, প্লে-অফেও উঠতে পারেনি দলটি। সেই ব্যর্থতার পর নতুন করে দল গুছিয়ে ফিরেই শিরোপা জিতলেন তিনি।

ফাইনাল শেষে ট্রফির পাশে দাঁড়িয়ে বাবর আজম বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, আপনার ভাগ্যে যা নির্ধারিত, তা আপনি পাবেনই। এটা পেতে সময় লাগতে পারে বা দ্রুতও আসতে পারে। তবে সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”

পিএসএলে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিলেও ট্রফির দেখা পাননি বাবর। অবশেষে অধিনায়ক হিসেবে নিজের প্রথম বড় সাফল্য পেলেন তিনি। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পেশোয়ার জালমির হয়ে এটি তার দ্বিতীয় শিরোপা।

ব্যাট হাতে এবারের আসর ছিল বাবরের অন্যতম সেরা পারফরম্যান্স। ১২ ইনিংসে ৫৮৮ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৪৫.৯০। টুর্নামেন্টে দুটি সেঞ্চুরিও করেন এই ডানহাতি ব্যাটার। একটি ইনিংসে মাত্র ৫২ বলে শতক তুলে নিয়ে রেকর্ড গড়েন তিনি।

পূর্ববর্তী মৌসুমে ব্যর্থতার পর নিজের ফর্ম ফিরে পাওয়া নিয়ে বাবর বলেন, “আমি নিজের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে এমন সময় আসা স্বাভাবিক। তখন নিজের ভুলগুলো খুঁজে বের করে কাজ করতে হয়। পরিবার ও কাছের মানুষরা আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে।”

তিনি আরও বলেন, “জীবন অনেকটা রোলার কোস্টারের মতো। ভালো-খারাপ দুই সময়ই আসে। সেখান থেকেই শিখতে হয়।”

তিন ফরম্যাটে খেলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বাবর বলেন, “আমি সব ফরম্যাটেই খেলতে চাই। লাল বলের ক্রিকেট একজন ব্যাটারকে ধৈর্য শেখায়, যা সাদা বলের ক্রিকেটেও সাহায্য করে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!