যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া সংস্কৃতি বিস্তারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় অ্যাথলেটিকস মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। বিশ্ববিদ্যালয়টির সার্বিক ব্যবস্থাপনায় ৪ থেকে ৬ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এবারের আসরে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক বলেন, সরকার ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী অর্থবছরে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ক্রীড়া বিকাশের অন্যতম ভিত্তি। এখানে জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণ ও দক্ষতা উন্নয়নই বেশি গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস সাইকোলজির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা দেশের ক্রীড়াঙ্গনকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!