ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আকস্মিক সফরে ঢাকায় আসছেন। আজ (মঙ্গলবার) তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সব ঠিক থাকলে চার থেকে পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
জানা গেছে, এবারের সফরটি কোনো ফুটবল-সংক্রান্ত বিষয় নয়; সম্পূর্ণ ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে তিনি বাংলাদেশে আসছেন। ইংল্যান্ডের ক্লাব ফুটবলে ব্যস্ত সময় কাটানোর কারণে সাধারণত ফিফা উইন্ডোর বাইরে তার দেশে আসা হয় না। চলমান মৌসুম শেষ হওয়ায় এবার কিছুটা সময় পেয়েই তিনি ঢাকায় আসছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজার এই সফর ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে এবং ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নয়। তবে জানা গেছে, তিনি মূলত কমার্শিয়াল কাজে কয়েক দিন বাংলাদেশে থাকবেন।
এদিকে আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ম্যাচ রয়েছে। ওই ম্যাচকে সামনে রেখে ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। এর আগে হামজার সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ ঢাকায় আগমনের কারণে বাফুফের কর্মকর্তারা তার সঙ্গে আসন্ন ম্যাচসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!