খেলাধুলা

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে নতুন নজির গড়তে পারে এল ক্লাসিকো

আপডেট: মে ১০, ২০২৬ : ০৬:২৫ এএম
লা লিগার ৯৭ বছরের ইতিহাসে নতুন নজির গড়তে পারে এল ক্লাসিকো

স্পেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এবার এমন এক ঘটনার সামনে দাঁড়িয়ে আছে, যা আগে কখনো দেখা যায়নি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচেই লিগ শিরোপার ভাগ্য নির্ধারিত হতে পারে—এমনই সম্ভাবনা তৈরি হয়েছে।

১৯০২ সালে কোপা দেল রে–এর পূর্বসূরি প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ১২৪ বছরের প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত দুই দল ২৬১ ম্যাচ খেলেছে, যেখানে রিয়ালের জয় ১০৬টি এবং বার্সার ১০৫টি। লা লিগায় দুই দলের ১৯১ দেখায় রিয়াল জিতেছে ৮০ ম্যাচে, বার্সা ৭৬টিতে।

চলতি মৌসুমেও দুই দলের লড়াইয়ে উত্তেজনা কমেনি। প্রথম লেগে ২–১ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ কাপ ফাইনালে ৩–২ গোলে জিতে শিরোপা ছিনিয়ে নেয় বার্সেলোনা।

এবারের লিগ পরিস্থিতি ভিন্ন মাত্রা পেয়েছে। পয়েন্ট টেবিলে বার্সেলোনা এগিয়ে আছে ১১ পয়েন্টে। ফলে আসন্ন এই ম্যাচে অন্তত ড্র করলেই বাকি ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন, শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালান ক্লাবটির।

লা লিগার ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, যেখানে এল ক্লাসিকোর চলমান ম্যাচেই এক দল গাণিতিকভাবে শিরোপা নিশ্চিত করেছে।

এ বিষয়ে বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, “এবারের এল ক্লাসিকো বিশেষ। কারণ আমরা লা লিগা ট্রফি জিততে পারি।”

ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচ কেবল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, বরং লিগ শিরোপার সম্ভাব্য ‘ফাইনাল’ হিসেবেই ইতিহাসে জায়গা করে নিতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!