এল ক্লাসিকোতে দাপুটে জয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। রোববার রাতে রিয়াল মাদ্রিদ–কে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হয় কাতালান ক্লাবটি।
এই জয়ের ফলে লিগে আর তিনটি ম্যাচ বাকি থাকতেই শীর্ষে থাকা বার্সেলোনা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায়। ফলে বাকি ম্যাচগুলো জিতলেও রিয়ালের পক্ষে আর শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি।
ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথমার্ধে গোল করেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস। দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ম্যাচ শুরুর আগে কোচ হ্যান্সি ফ্লিক ব্যক্তিগতভাবে শোকের মধ্যেও মাঠে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে ম্যাচ শেষে তিনি দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে খেলোয়াড়দের ‘একটি পরিবার’ হিসেবে অভিহিত করেন।
ক্যাম্প ন্যুতে ম্যাচ শেষে সমর্থকদের সামনে প্রথমে লিগ ট্রফির প্রতীকী সংস্করণ এবং পরে মূল ট্রফি তুলে ধরা হয়, যা ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।
লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে একই পরিস্থিতি দেখা গিয়েছিল।
এই শিরোপার মাধ্যমে বার্সেলোনা তাদের ইতিহাসে ২৯তম লা লিগা জয় অর্জন করল। সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
ফ্লিক দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমেই বার্সেলোনা লা লিগাসহ মোট পাঁচটি ট্রফি জিতেছে। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং একটি কোপা দেল রে।
এছাড়া দলটি টানা ৫৫ ম্যাচে গোল করার নজির গড়েছে, যা ক্লাব ইতিহাসে অন্যতম সেরা ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!