খেলাধুলা

এইচপির স্পিন বোলিং কোচ হলেন আব্দুর রাজ্জাক

আপডেট: মে ১১, ২০২৬ : ০৬:১৯ এএম
এইচপির স্পিন বোলিং কোচ হলেন আব্দুর রাজ্জাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের স্পিনার আব্দুর রাজ্জাক। আগামী মাসেই জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন ভূমিকায় কাজ শুরু করবেন তিনি।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এক বছরের চুক্তিতে তুলনামূলক ভালো পারিশ্রমিকে এই দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে বিসিবির নির্বাচক প্যানেলে দীর্ঘ সময় কাজ করেছেন রাজ্জাক। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর তিনি কোচিং ও প্রশাসনিক কাজে যুক্ত হন। পরে তিনি বোর্ড পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে এইচপি ইউনিটের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন প্রধান কোচ সালাউদ্দিন আহমেদ, যাঁর সঙ্গে কাজ করবেন সহকারী কোচদের একটি দল। এ দলে রয়েছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়ের।

এইচপি ইউনিটের আসন্ন সূচি অনুযায়ী আগামী ১ জুন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প। ৩ জুন থেকে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরু হবে। এরপর বগুড়া ও রাজশাহীতে তিনটি ওয়ানডে এবং সিলেটে দুটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজ শেষে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ এইচপি দল। সেখানে ওয়ানডে ও চার দিনের ম্যাচ খেলার পর আগস্ট–সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে তারা। এছাড়া ইমার্জিং এশিয়া কাপে এইচপি থেকে খেলোয়াড় অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!