ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল-নাসর। শেষ রাউন্ডে দামাককে ৪-১ গোলে হারিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল রিয়াদের ক্লাবটি।
বৃহস্পতিবার আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের মধ্য দিয়ে ২০১৯ সালের পর প্রথম বড় শিরোপা ঘরে তুলল আল-নাসর। একই সঙ্গে ২০২২ সালের শেষ দিকে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর এটিই রোনালদোর প্রথম ট্রফি।
ম্যাচে আল-নাসরের পক্ষে প্রথমে এগিয়ে দেন সাদিও মানে, এরপর ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোম্যান। দামাক একটি পেনাল্টি থেকে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য ধরে রাখে আল-নাসর।
৬৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে দারুণ গোল করে নিজের প্রথম গোল করেন রোনালদো। এরপর প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে ছয় গজ বক্সে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি, যা নিশ্চিত করে দলের শিরোপা জয়।
এদিন একই সময়ে শিরোপার লড়াইয়ে থাকা আল-হিলালও জয়ের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে। অন্যদিকে আল-নাসর নিজেদের ম্যাচে জিতে নিশ্চিত করে শিরোপা।
এই ম্যাচে রোনালদো মৌসুমে নিজের ২৮তম লিগ গোল করেন। ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৭৩-এ।
চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে আল-নাসর। রানার্সআপ আল-হিলালের পয়েন্ট ৮৪।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!