খেলাধুলা

স্বপ্ন দেখতাম, আমার শটেই আইপিএল জিতবে দল : কোহলি

আপডেট: জুন ০১, ২০২৬ : ০৬:১৮ এএম
স্বপ্ন দেখতাম, আমার শটেই আইপিএল জিতবে দল : কোহলি

জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন বিরাট কোহলি। এরপরই হেলমেট খুলে দুই হাত ছড়িয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন তিনি। তাঁর সেই শটেই টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

ম্যাচ শেষে কোহলি বলেন, এমন মুহূর্তের স্বপ্ন তিনি বহুবার দেখেছেন। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সম্মিলিত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, “মনে হচ্ছে স্বপ্ন দেখছি। অনেকবার কল্পনা করেছি, আমরা ট্রফি জিতছি এবং জয়ের শটটা আমার ব্যাট থেকেই আসছে। তবে এই দলের সবচেয়ে বড় শক্তি হলো, এখানে অনেক ম্যাচজয়ী ক্রিকেটার আছে।”

ফাইনালে গুজরাট টাইটানসের করা ১৫৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বেঙ্গালুরু। কোহলি ও বেঙ্কটেশ আইয়ারের উদ্বোধনী জুটি দলের ভিত গড়ে দেয়। মাঝপথে কয়েকটি উইকেট পড়লেও লক্ষ্য ছুঁতে বড় কোনো সমস্যা হয়নি তাদের।

ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, “আমি সতীর্থদের বলেছিলাম, গতবারের মতো চাপ এবার নেই। আমরা জানতাম এই দল কী করতে পারে। পুরো মৌসুমে যেভাবে খেলেছি, তাতে আত্মবিশ্বাস ছিল। নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমাদের হারানো কঠিন।”

মৌসুমের মাঝপথে কয়েকটি কঠিন ম্যাচের কথাও স্মরণ করেন তিনি। কোহলির ভাষ্য, মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ জয় দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। এরপর আরসিবি ধারাবাহিকভাবে ভালো খেলেছে এবং লিগ পর্বও শীর্ষে থেকে শেষ করেছে।

দলের সাফল্যের পেছনে সবার অবদানের কথা উল্লেখ করে কোহলি বলেন, “অনেক বছর ধরে খেলছি। কিন্তু এবার মাঠে নামলে মনে হয়নি যে আমাকেই একা ম্যাচ জেতাতে হবে। জানতাম, দলের অন্যরাও দায়িত্ব নিতে পারে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

বিশেষ করে বোলিং ইউনিটের প্রশংসা করে তিনি বলেন, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, ডাফি ও ক্রুনাল পান্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ সময়ে দলকে এগিয়ে নিয়েছেন। তরুণদের অবদানও ছিল উল্লেখযোগ্য।

কোহলির মতে, ভারসাম্যপূর্ণ দল গঠন এবং দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার মানসিকতাই বেঙ্গালুরুর সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, “এখন আমরা সত্যিকারের একটি অলরাউন্ড দল। সে কারণেই মাঠে নামলে বাড়তি আত্মবিশ্বাস কাজ করে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!