খেলাধুলা

এক মৌসুমেই একাধিক পুরস্কার সূর্যবংশীর

আপডেট: জুন ০১, ২০২৬ : ০৬:২১ এএম
এক মৌসুমেই একাধিক পুরস্কার সূর্যবংশীর

শিরোপা জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। তবে পুরো আসরে নিজের ব্যাটিং দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএলের এবারের মৌসুম শেষে একাধিক ব্যক্তিগত পুরস্কার জিতে সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন তরুণ এই ওপেনার।

মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের একটি মৌসুমে ব্যাট হাতে রেকর্ড গড়ে সূর্যবংশী ১৬ ইনিংসে ৭৭৬ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০। রাজস্থানকে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে গুজরাট টাইটানসের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় দলটির।

আসর শেষে সূর্যবংশী জিতেছেন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার। পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে উঠেছে ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডও। এ ছাড়া ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ ও ‘সুপার সিক্সেস অব দ্য সিজন’ পুরস্কারও জিতেছেন তিনি।

আইপিএলের ইতিহাসে একই মৌসুমে এমভিপি ও ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড জেতা প্রথম ক্রিকেটার সূর্যবংশী। ২০১১ সালে ক্রিস গেইলের পর তিনিই প্রথম ব্যাটার, যিনি এক মৌসুমে রানসংগ্রহ ও স্ট্রাইক রেট—দুই বিভাগেই শীর্ষে থাকলেন। ছক্কার সংখ্যাতেও নতুন রেকর্ড গড়েছেন তিনি। পুরো মৌসুমে ৭২টি ছক্কা মেরে গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ছাড়িয়ে গেছেন।

অন্যদিকে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে পার্পল ক্যাপ জিতেছেন গুজরাট টাইটানসের পেসার Kagiso Rabada। ১৭ ম্যাচে ২৯ উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন করেন তিনি। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন এই দক্ষিণ আফ্রিকান পেসার।

পুরস্কার গ্রহণের পর সূর্যবংশী বলেন, “খুব ভালো লাগছে। তবে সাক্ষাৎকার দিতে গিয়ে কিছুটা চাপও অনুভব করছি। এটা গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব।”

নিজের শেখার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, চাপের ম্যাচে কীভাবে খেলতে হয়, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলানো এবং দলের প্রয়োজন বুঝে দায়িত্ব নেওয়ার বিষয়গুলো এই মৌসুমে শিখেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে ফিটনেস উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দিতে চান তিনি।

সূর্যবংশী বলেন, “দীর্ঘ সময় ক্রিকেট খেলতে চাইলে ফিটনেসের বিকল্প নেই। ইনজুরি এড়িয়ে যেতে হবে এবং এ বিষয়ে আরও মনোযোগী হতে হবে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!