প্রায় চার বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের দরজা খুলেছে তাঁর জন্য। একই সঙ্গে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক ও সোহান।
দল ঘোষণার সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, দলীয় কৌশলের অংশ হিসেবেই পরিবর্তনগুলো আনা হয়েছে।
হাবিবুল বাশার বলেন, “আমরা মাহিদুলকে খুব বেশি সুযোগ দিতে পারিনি। আফিফও হয়তো আরও কিছু সুযোগ পাওয়ার দাবি রাখে। তবে এই মুহূর্তে দলের প্রয়োজন বিবেচনায় আমরা কিছু কৌশলগত পরিবর্তন করেছি।”
মোসাদ্দেককে দলে ফেরানোর পেছনে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার কথা উল্লেখ করেন প্রধান নির্বাচক। তিনি বলেন, “মোসাদ্দেক বর্তমানে ব্যাট হাতে ভালো ছন্দে আছে। ছয় নম্বর পজিশনে তার ব্যাটিং আমাদের কাজে আসবে। পাশাপাশি সে একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং অলরাউন্ডার হিসেবে অতিরিক্ত সুবিধা দিতে পারে।”
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন মোসাদ্দেক। ছয় ইনিংসে ৭৭.৫০ গড়ে ৩১০ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৯.১৭।
অন্যদিকে সোহানও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন। ডিপিএলে আট ইনিংসে তাঁর সংগ্রহ ২৪৮ রান। নির্বাচকদের মতে, মিডল অর্ডারে বিশেষ করে ছয় ও সাত নম্বরে ব্যাটিংয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারেন।
নিউজিল্যান্ড সিরিজে মাহিদুল ইসলাম কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। আর আফিফ হোসেন একমাত্র ম্যাচে ৪৯ বলে ২৭ রান করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। তৃতীয় ওয়ানডের জন্য আলাদা স্কোয়াড পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচকরা।
ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!