নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের কাছে ৬৮ রানের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল।
গতকাল ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৩ রান তোলে কিউইরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করতে পারে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বড় সংগ্রহ গড়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক মিলি কার। ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ দিকে তার ঝোড়ো ব্যাটিংয়ে রান বাড়ে কিউইদের। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট পান নাহিদা আক্তার।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় জুটির দেখা পায়নি দল। অধিনায়ক নিগার সুলতানা ৩২ রান করে সর্বোচ্চ স্কোরার হলেও দলকে লড়াইয়ে ফেরাতে পারেননি। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৬ রান। নাহিদা আক্তারের ব্যাট থেকে আসে ১৭ রান।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নেনসি প্যাটেল। চার উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।
বিশ্বকাপের আগে বাংলাদেশের আর একটি প্রস্তুতি ম্যাচ বাকি আছে। আগামী ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।
১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘১’-এ থাকা বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
এ নিয়ে টানা সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে আগের ছয় আসরের কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি টাইগ্রেসরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!