খেলাধুলা

স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ না কাটার প্রতিশ্রুতি ইয়ামালের

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৬:৩৪ এএম
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ না কাটার প্রতিশ্রুতি ইয়ামালের

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। অভিষেক আসরেই ‘লা রোহা’র অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে বিবেচিত এই উইঙ্গার ভক্তদের জন্য দিয়েছেন এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি।

১৮ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, স্পেন বিশ্বকাপ জিততে পারলে তিনি তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোন উপহার দেওয়ার কথাও বলেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।”

বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের জন্য এটি প্রথম বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা ইতিমধ্যেই রয়েছে। ২০২৪ ইউরো জয়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, বড় আসরে শুরুতে চাপ সামলানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।

তিনি বলেন, “প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। শুরুতে নার্ভাস লাগা স্বাভাবিক। একটি ম্যাচ খারাপ গেলেও পুরো টুর্নামেন্ট শেষ হয়ে যায় না। ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করতে হয়।”

ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন ইয়ামাল। তিনি জানান, একসময় মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তিনিই জিতবেন। তবে পরে বুঝতে পারেন, তখন তার সময় আসেনি।

ফরাসি তারকা উসমান দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল বলেন, তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং কঠিন সময়ে তিনি মানসিকভাবে সহায়তা করেছেন।

বিশ্বকাপের আগে আজ (সোমবার) শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্পেন। আসন্ন বিশ্বকাপে ‘গ্রুপ এইচ’-এ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!