বিশ্বকাপ শুরুর আর দুই দিনেরও কম সময় বাকি। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে লিওনেল স্কালোনির দল।
যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে প্রতিপক্ষকে ছাড়িয়ে যায় আলবিসেলেস্তেরা। দলের হয়ে গোল করেন ভ্যালেন্টিন বার্কো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন বার্কো। জাতীয় দলের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে আইসল্যান্ড মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠলেও আর্জেন্টিনার রক্ষণভাগকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্কালোনির দলের হাতেই। তবে লাউতারো মার্টিনেজ কয়েকটি ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। এরপর ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। চোট কাটিয়ে মাঠে ফেরা আর্জেন্টাইন অধিনায়ক নামার পরপরই আক্রমণে গতি বাড়ান।
ম্যাচের ৮১ মিনিটে লাউতারোকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে সহজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। জাতীয় দলের হয়ে আরেকটি গোল যোগ হয় তার নামের পাশে।
শেষ দিকে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন থিয়াগো আলমাদা। ৮৬ মিনিটে মেসির সূচনা করা আক্রমণ থেকে রদ্রিগো ডি পলের পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি।
ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার। ১৫টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে আইসল্যান্ডের ৬টি প্রচেষ্টার মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ইতিবাচকভাবে শেষ করল আর্জেন্টিনা। আগামী ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!