খেলাধুলা

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অস্ট্রেলিয়ার ক্যারি

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৫:৫৩ এএম
নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অস্ট্রেলিয়ার ক্যারি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক নাহিদ রানা। গতি আর বাউন্সে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেওয়া এই পেসারের প্রশংসা করেছেন প্রতিপক্ষ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। এমনকি নাহিদকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতেও দেখতে চান তিনি।

প্রথম ওয়ানডেতে নাহিদের চার উইকেটে ভর করে অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে ক্যারি বলেন, ‘ওর গতি আছে, বাউন্স আছে। অস্ট্রেলিয়ার উইকেটেও এমন বৈশিষ্ট্য কাজে লাগে। ওর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সেও খেলতে পারে।’

নাহিদের গতি নিয়ে আগে থেকেই ধারণা ছিল বলে জানান ক্যারি। তবে সরাসরি মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ছিল ভিন্ন। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার বলেন, ‘আমরা জানতাম ও দ্রুতগতির বোলার। কিন্তু মাঠে মুখোমুখি হওয়ার আগে সেটা পুরোপুরি বোঝা যায় না। ও লম্বা গড়নের একজন অ্যাথলেট, উইকেট থেকেও বাড়তি বাউন্স পাচ্ছিল। সব মিলিয়ে সত্যিই খুব ভালো বোলিং করেছে।’

সিরিজের বাকি দুই ম্যাচে নাহিদের মোকাবিলায় আরও প্রস্তুত থাকতে হবে বলেও মনে করেন ক্যারি। তার ভাষ্য, ‘আগামী দুই ম্যাচেও ওর বিপক্ষে খেলতে হবে। আশা করছি এবার আমরা ওকে আরও ভালোভাবে সামলাতে পারব। প্রথম ম্যাচে ওকে ম্যাচে প্রভাব বিস্তার করা থেকে আটকাতে পারিনি।’

ক্যারি জানান, ম্যাচের আগে নাহিদের বোলিংয়ের ভিডিও ও হাইলাইটস দেখেছিল অস্ট্রেলিয়া দল। তবু মাঠে তার গতি ও আগ্রাসন সামলানো কঠিন হয়ে পড়ে।

‘আমরা জানতাম দ্বিতীয় স্পেলে ফিরে এসে ও আক্রমণাত্মক বোলিং করবে। কিন্তু সেটি ঠেকাতে পারিনি। একজন ফাস্ট বোলারের কাছ থেকে এমন মনোভাব প্রত্যাশিত। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা ভিন্ন কিছু করতে পারব,’ বলেন ক্যারি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন নাহিদ। তার পারফরম্যান্স শুধু বাংলাদেশের জয়েই ভূমিকা রাখেনি, আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে আলোচনায় এনেছে তরুণ এই পেসারকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!