যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান তাঁর আবেগের জায়গা। এই ক্লাব থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল, যা পরবর্তীতে তাঁকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয়।
বুধবার রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ‘বিশ্বকাপ আড্ডা’ অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ফেসবুক পেজে দেশের ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’র আয়োজন করেছে। এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বলেন, ‘মোহামেডান আমার আবেগের জায়গা। এখান থেকেই আমার ক্যারিয়ারের হাতেখড়ি। পরে ফরাশগঞ্জে খেলেছি, এরপর জাতীয় দলে সুযোগ পেয়েছি। ক্যারিয়ারের শুরুর দিকে মোহামেডানের অবদান অনেক বড়।’
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবলপ্রেমের দিক থেকে দেশের মানুষ বিশ্বের সেরাদের কাতারে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না, কিন্তু ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা এবং সমর্থকদের উন্মাদনা বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম।’
বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের আবেগের প্রসঙ্গ টেনে তিনি নিজের পরিবারের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাসায় বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। পরিবারের সদস্যদের মধ্যেও প্রিয় দলের সমর্থন নিয়ে মজার প্রতিদ্বন্দ্বিতা চলছে।
অনুষ্ঠানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লাহ বুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, ক্লাবের পরিচালক, স্থায়ী সদস্য এবং সাবেক ক্রীড়াবিদেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে বিশেষ সম্মাননা জানানো হয়। ক্লাব সূত্রে জানা যায়, তিনি গণপূর্ত সচিব থাকাকালে মোহামেডান ক্লাব মতিঝিলের বর্তমান জায়গা বরাদ্দ পেয়েছিল।
No comments yet. Be the first to comment!